বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ জন বার্লা

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ জন বার্লা

 

নিজস্ব প্রতিনিধি, কোলকাতা, ১৫ই মে’ ২৫:

আবারও ভাঙনের মুখে বিজেপি! উত্তরবঙ্গের চা শ্রমিকদের জীবনযাত্রার মানোন্নয়নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা। তাঁর অভিযোগ, মন্ত্রী থাকাকালীন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গের উন্নয়নে বাধা দিয়েছেন।

 

বৃহস্পতিবার তৃণমূল ভবনে সুব্রত বক্সী এবং অরূপ বিশ্বাসের উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন জন বার্লা। দলবদলের পর তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চা বাগান নিয়ে কাজ করতে বলেছিলেন। কিন্তু মন্ত্রী হওয়ার পর কাজ করতে গিয়ে সব সময় বাধা পেয়েছি। রেলের জমিতে ১৬০ কোটি টাকার হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু শুভেন্দু অধিকারী তা আটকে দেন।”

 

বার্লার দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর চা বাগানের জন্য অনেক কাজ করেছেন, জমির পাট্টাও দিয়েছেন।” চা বাগানের শ্রমিকদের উন্নয়নের লক্ষ্যেই তিনি দল বদলের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

তৃণমূল কংগ্রেস জানিয়েছে, জন বার্লার তৃণমূল স্তরে কাজের অভিজ্ঞতা এবং চা বাগানের শ্রমিকদের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা দলকে শক্তিশালী করবে। অরূপ বিশ্বাস বলেন, “বিজেপিতে বীতশ্রদ্ধ হয়ে মা-মাটি-মানুষের দলে যোগ দিচ্ছেন তিনি। জনমানসে তাঁর ভাবমূর্তি অত্যন্ত ভালো।”

 

উল্লেখ্য, বছর ঘুরলেই ২৬’শের বিধানসভা ভোট। তার আগে প্রাক্তন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রীর তৃণমূলে যোগদানের ফলে রাজ্য বিজেপি ধাক্কা খেল বলেই মনে করছে ওয়াকিবহল মহল।