- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: একমাত্র জীবিত যাত্রীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ
আমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় বরাতজোরে বেঁচে ফেরা যাত্রী বিশ্বাসকুমার রমেশের সঙ্গে আজ সকালে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাত সকালে প্রথমে দুর্ঘটনা স্থান পরিদর্শন করেন তিনি, এবং এরপরই হাসপাতালে গিয়ে বিশ্বাসকুমারের সাথে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বাসকুমারের মুখ থেকে সেই ভয়াবহ দুর্ঘটনার কাহিনী শোনেন।
মেঘানিনগরের বিজে মেডিক্যাল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়েছিল এয়ার ইন্ডিয়ার AI-171 এয়ারবাসটি। উড়ানের মাত্র ৩০ সেকেন্ডের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে, যা যে ঘটনায় ২৪১টি তরতাজা প্রাণ কেড়ে নেয়। কিন্তু এই ভয়াবহতার মাঝেও প্রাণে বেঁচে ফিরেছেন ৪৫ বছর বয়সী বিশ্বাস কুমার।
হাসপাতালের বিছানায় শুয়ে বিশ্বাসকুমার জানান, “টেক অফের ঠিক ৩০ সেকেন্ড পরই বিকট শব্দ শুনতে পেলাম। তারপরই বিমানটা ভেঙে পড়ল। ভীষণ দ্রুত সবকিছু ঘটে গেল। আমি কীভাবে ওখান থেকে বেরিয়ে এলাম জানি না।” তিনি বিমানের ১১-এ সিটে বসেছিলেন। একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি হেঁটে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে বেরিয়ে আসছেন। যদিও তার বুকে চোট লেগেছে, চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন স্থিতিশীল। এই দুর্ঘটনায় বিশ্বাসকুমার তার ভাই অজয় কুমার রমেশকে হারিয়েছেন।
দুর্ঘটনার পর বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাসপাতালে এসেছিলেন বিশ্বাসকুমারের সাথে সাক্ষাৎ করতে।
উল্লেখ্য,এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার এয়ারবাসটি সাধারণত নিরাপদ বলে পরিচিত এবং ২০১১ সাল থেকে এটি কোনো দুর্ঘটনার কবলে পড়েনি। তাহলে এই দুর্ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে এবং তদন্ত চলছে।





