জামিনে মুক্ত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী ফারিয়া

 

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া জামিন পেয়েছেন। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই জামিন মঞ্জুর করেন। এর আগে, গত সোমবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল।

 

এদিন, নুসরাত ফারিয়ার আইনজীবী আদালতে যুক্তি দেন যে, মামলার ঘটনার সময় অভিনেত্রী দেশে ছিলেন না। এর সপক্ষে কাগজপত্র জমা দেওয়ার পর আদালত তার জামিন মঞ্জুর করেন। যদিও সিএমএম আদালতের প্রধান পিপি ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করে নুসরাতকে ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী’ বলে মন্তব্য করেন। তিনি আরও অভিযোগ করেন যে, নুসরাত ও ফিরদৌসের মতো শিল্পীরা শেখ হাসিনার শাসনকাল দীর্ঘায়িত করতে সাহায্য করেছেন।

 

উল্লেখ্য,গত ১৯ জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হওয়া এনামুল হকের মামলায় নুসরাত ফারিয়াকে আসামি করা হয়েছিল। গত রবিবার থাইল্যান্ড যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।