বিশ্বের উচ্চতম চেনাব সেতু এবং ভারতের প্রথম কেবল-স্টেয়েড আঞ্জি ব্রীজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী 

বিশ্বের উচ্চতম চেনাব সেতু এবং ভারতের প্রথম কেবল-স্টেয়েড আঞ্জি ব্রীজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

 

শুক্রবার ভারতের পরিকাঠামো উন্নয়নের ইতিহাসে নতুন পালক যোগ হল। জম্মু-কাশ্মীরের চেনাব নদীর উপরে নির্মিত বিশ্বের সর্বোচ্চ রেল সেতু উদ্বোধন করলেন প্রবধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতু এবং ভারতের প্রথম কেবল-স্টেয়েড রেল সেতু আঞ্জি সেতু উদ্বোধন করেছেন।

জম্মু ও কাশ্মীরকে দেশের বাকি অংশের সঙ্গে রেলপথে যুক্ত করার এই প্রচেষ্টা এক ঐতিহাসিক পদক্ষেপ। উধমপুর বিমানঘাঁটিতে নামার পর প্রধানমন্ত্রী মোদী সরাসরি চেনাব সেতুর সাইটে যান এবং সেতুটি ঘুরে দেখেন। তিনি বলেন, এই নতুন রেল সংযোগ কাশ্মীরে গতিশীলতা আনবে, সমৃদ্ধি বাড়াবে এবং সেখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে।

চেনাব সেতু প্যারিসের আইফেল টাওয়ারের চেয়ে ৩৫ মিটার বেশি উঁচু। এটি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু, যা নির্মাণে ২৮ হাজার কোটি টাকা খরচ হয়েছে এবং এতে ১৪৮৪ কোটি টাকার ইস্পাত ব্যবহার করা হয়েছে। এই সেতুতে ১৭টি পিলার রয়েছে এবং কলকাতা থেকে আসা ২৫০০ এইচ বিমের উপর ১৬০০ মিটার রেললাইন স্থাপন করা হয়েছে। বন্দে ভারত ট্রেনও এই সেতুর ওপর দিয়ে ছুটতে পারবে।

একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে আঞ্জি সেতু, যা ভারতের প্রথম কেবল-স্টেয়েড রেল সেতু। চন্দ্রভাগা নদীর উপনদী আঞ্জি নদীর ওপর নির্মিত এই সেতুটি জম্মু ও কাশ্মীরের রেয়াসি জেলায় অবস্থিত। কাটরা ও রেয়াসির মধ্যে রেল যোগাযোগ স্থাপনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৭২ কিলোমিটার দীর্ঘ উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্কের ৯৪৩টি সেতু ও ৩৬টি টানেলের মধ্যে এটি একটি।

আঞ্জি সেতুটি ২৮৩০ ফুট লম্বা এবং মাটি থেকে ১০৮৬ ফুট উঁচু। এর মূল স্তম্ভ (Pylon) মাটি থেকে ৬৩৩ ফুট উঁচু এবং ৯৬টি ভিন্ন মাপের কেবলের ওপর সেতুর ভার রয়েছে। এই সেতু ঘণ্টায় ২১৩ কিলোমিটার বেগের বাতাস এবং ১০০ কিলোমিটার বেগে ট্রেন চলার চাপ সহ্য করতে সক্ষম। এর স্বাস্থ্যের উপর নজর রাখার জন্য একটি অত্যাধুনিক ইন্টিগ্রেটেড মনিটরিং সিস্টেমও স্থাপন করা হয়েছে।

এই দুই সেতুর উদ্বোধন ভারতের প্রকৌশলগত সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত এবং কাশ্মীরের উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।