প্রতীক্ষার অবসান… ঘরে ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম, উৎসবের আমেজ রিষড়ায়

দেশের অপেক্ষার অবসান! দীর্ঘ ৯ দিন পর নিজের ঘরে ফিরছেন পাকিস্তানে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনের ১৭ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়। আর কিছুক্ষণের মধ্যেই হুগলির রিষড়ার বাড়িতে পৌঁছনোর কথা তাঁর, যেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী।

পূর্ণমকে স্বাগত জানাতে হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন তাঁর বাবা এবং রিষড়া পুরসভার চেয়ারম্যান। জাতীয় পতাকা আর ফুলের তোড়া দিয়ে বীর জওয়ানকে অভ্যর্থনা জানানো হয়। স্টেশনে দাঁড়িয়ে পূর্ণম কেবল এটুকুই বলেন, “আপনাদের প্রার্থনায় ফিরতে পারলাম।”

উৎসবের আবহ রিষড়ায়। রিষড়ার বাড়ির সামনে এখন লোকে লোকারণ্য। বৈদ্যুতিক আলো আর প্রদীপে সেজে উঠেছে পূর্ণমের বাড়ি। কেক আনা হয়েছে, চলছে জোর রান্নাবান্নার প্রস্তুতি। পূর্ণমের পছন্দমতো লুচি, তরকারি আর মিষ্টির আয়োজন করা হয়েছে। তাঁর আট বছরের ছেলেও বাবার সঙ্গে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

 

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ভুল করে সীমান্ত পেরিয়ে পাক রেঞ্জার্সের হাতে আটক হয়েছিলেন পূর্ণম কুমার সাউ। ভারতের তীব্র কূটনৈতিক চাপে ২২ দিন পর গত ১৪ মে ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে তাঁকে দেশে ফেরানো হয়। যদিও তখনই তিনি বাড়ি ফিরতে পারেননি। স্বাস্থ্য পরীক্ষা, পাকিস্তানে তাঁর ওপর হওয়া অত্যাচার এবং মানসিক স্থিতির মূল্যায়নের পর অবশেষে ৯ দিন পর আজ তিনি বাড়ির পথে। প্রায় দু’মাস পর স্বামীর সঙ্গে দেখা হবে রজনীর, যা তাঁর কাছে এক স্বপ্নপূরণের মুহূর্ত।