অমৃত ভারত প্রকল্পের ১০৩টি রেল স্টেশনের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাজস্থানের বিকানের থেকে ১০৩টি নতুন অমৃত ভারত স্টেশনের ভার্চুয়াল উদ্বোধন করেছেন। এই স্টেশনগুলি দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৬টি জেলায় ছড়িয়ে আছে এবং প্রকল্পটিতে প্রায় ১,১০০ কোটি টাকা খরচ হয়েছে।
এই তালিকায় পশ্চিমবঙ্গের তিনটি স্টেশনও অন্তর্ভুক্ত রয়েছে: পশ্চিম বর্ধমানের পানাগড়, উত্তর ২৪ পরগনার কল্যাণী-ঘোষপাড়া, এবং পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। এই স্টেশনগুলিতে এখন উন্নত যাত্রী সুবিধা, প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ ব্যবস্থা এবং আধুনিক পরিকাঠামো পাওয়া যাবে, যেখানে আধুনিকতার সঙ্গে স্থানীয় সংস্কৃতির ছোঁয়াও থাকছে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে রেল পরিষেবার অভূতপূর্ব অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, গত ১১ বছরে রেল পরিষেবায় গতি এসেছে, দেশে এখন ৭০টি রুটে বন্দে ভারত ট্রেন চলছে এবং ১,৩০০টিরও বেশি স্টেশনের আধুনিকীকরণের কাজ চলছে।
এদিকে, প্রধানমন্ত্রী আগামী বৃহস্পতিবার বঙ্গ সফরে আসছেন। আলিপুরদুয়ার জেলায় তাঁর জোড়া কর্মসূচি রয়েছে, যার মধ্যে একটি প্রশাসনিক সভা এবং একটি জনসভা। রাজনৈতিক মহলে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।





