Weather Update: শীঘ্রই বর্ষার আগমন বঙ্গে? কবে কোন জেলা ভাসতে চলেছে?
গরমে হাঁসফাঁস রাজ্যবাসীর। আর তার মাঝেই আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে রাজ্যে। সপ্তাহের শুরু থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার ঝড় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। তবে আগামী চার-পাঁচ দিনে তাপমাত্রার তেমন কোনো বড় পরিবর্তন আশা করা যাচ্ছে না।
আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি নিম্নচাপ অক্ষরেখা, যা হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এর জেরেই বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। দিনের বেলায় গরম এবং অস্বস্তি বজায় থাকলেও, বৃষ্টি কিছুটা স্বস্তি দিতে পারে।
আজ, সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে দমকা বাতাসও বইতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা কম।
আগামীকাল, মঙ্গলবার সাতটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। এই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। এখানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সাথে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম থাকবে।
বুধবার এবং বৃহস্পতিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সময়ে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ায় কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে এবং এই ঝড় বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত চলবে।
আজ, সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো বাতাস বইবে। দার্জিলিং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে।
আগামীকাল, মঙ্গলবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবারেও কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।





